ছাত্রশিবির বিভিন্ন পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দখলদারি কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, কখনো সামাজিক সংগঠনের নামে, কখনো প্রেসার গ্রুপ হিসেবে, কখনো সাধারণ শিক্ষার্থী হিসেবে নানা পরিচয়ে তারা এই ক্যাম্পাসে এক ধরনের দখলদারি কায়েম করছে।
বিষয়টি প্রশাসনের দেখা উচিত।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গণ-অভ্যুত্থানের পর নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে কোনো পার্থক্য নেই এমন বয়ান তৈরির চেষ্টা করেছে। তবে দুই সংগঠনের মধ্যে পার্থক্য রয়েছে।
আজকে ছাত্রদল কোনো হল দখল করেনি, গণরুম ও গেস্টরুম প্রথা ফিরিয়ে আনেনি। ছাত্রদল মেধার বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করছে। ছাত্রদলের গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করতে ছাত্রশিবির বিভিন্ন ধরনের বয়ান তৈরি করছে। ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করলে ছাত্রদলের আপত্তির জায়গা থাকত না।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অসংখ্য ছাত্র আন্দোলন করেছি। যখনই কোনো আন্দোলন করতে গিয়েছি, ছাত্রলীগের বাধার মুখে পড়েছি। ছাত্রলীগ আমাদের নির্যাতন করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েও আমরা বারবার হামলার শিকার হয়েছি। আগে গণরুম ও গেস্টরুম প্রথা ছিল, এখন সেই ব্যবস্থা আর নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ






















