চট্টগ্রাম নগরীর কালুরঘাটের খেজুরতলা এলাকায় ট্রেনের ধাক্কায় সৈয়দ শফিকুল রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মরহুম আবুল হোসেনের মেজ ছেলে।
নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন শফিকুল রহমান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে তিনি দুবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় অসুস্থ হয়েছিলেন।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
বাংলা৭১নিউজ/আরএইচ


























