নোয়াখালীর সেনবাগে ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শেখ খাজা মাইনুদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ঘোরকাটা গ্রামে ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ খাজা মাইনুদ্দিন ওই এলাকার দক্ষিণ ঘোরকাটা গ্রামের মৃত শেখ শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে শেখ খাজা মাইনুদ্দিন বাড়ির পশ্চিম পাশের একটি জমি থেকে গরুর খাদ্য হিসেবে ঘাস কাটতে যান। পার্শ্ববর্তী গ্রামের জমি মালিক জাকির হোসেন (৩০) তার ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব বন্ধে অরক্ষিতভাবে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন।
ঘাস কাটা শেষে বাড়ি ফেরার পথে অন্ধকার ও অসাবধানতাবশত ওই ঝুলন্ত ও খালি বৈদ্যুতিক সংযোগে জড়িয়ে পড়েন মাইনুদ্দিন। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। সারা রাত নিখোঁজ থাকার পর আজ সকালে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনার পরপরই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই অবহেলার পেছনে অভিযুক্ত জমি মালিক জাকির হোসেন এলাকা ছেড়ে গা-ঢাকা দেন।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশের একটি দল দ্রত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির হোসেন পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























