রাজধানীর উত্তর শাহজাহানপুর থেকে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টায় ৫ তলা বাসার ছাদের টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। উদ্ধারের সময় তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিহত ফখরুল হাসান ফরহাদ উত্তর শাহজাহানপুর এলাকার মৃত নুর মোহাম্মদ ও মা মৃত ফাতেমা বেগমের ছেলে। তিনি বেকার ছিলেন। তবে তার স্ত্রী সাদিয়া আক্তার সন্ধ্যা একটি পাঞ্জাবি কারখানায় কাজ করেন। ঘটনার সময়ে তিনি কর্মস্থলে ছিলেন।
সেখান থেকে ফিরে এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান।
নিহতের আত্মীয় আরমিনা অভিযোগ তুলে বলেন, ‘আমার খালু ফখরুল হাসানকে তার বোন নিপা ও বোনজামাই সুজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। খালু যে বাসায় থাকেন, সেটি তার নানাবাড়ি থেকে পাওয়া সম্পত্তি। তাদের কোনো সন্তান নেই। খালু মারা গেলে সম্পত্তি তারা পেয়ে যাবে।
এ জন্যই তাকে হত্যা করা হয়েছে।’
এর আগেও এই সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানান আরমিনা।
এ ঘটনায় নিহতের বোন ও বোন জামাই কে পুলিশ আটক করে শাহজাহানপুর থানা পুলিশ।
বাংলা৭১নিউজ/আরএইচ




























