চাইলেই আরো কিছুদিন খেলে যেতে পারতেন লিওনেল মেসি। তার পারফরম্যান্স তেমনি ইঙ্গিত করে।
ফুটবলপ্রেমীদের চাওয়া ছিল আরো কিছু দিন খেলুক জাদুকর। কিন্তু জাদুকর তার জাদু দেখানো থামিয়ে দিলেন।
আর্জেন্টিনাকে যে আরো অনেক কিছু দেওয়ার বাকি ছিল সে পথে হাঁটলেন না মেসি। তার বিদায়টা তাই অনেকের কাছে ধাক্কারও।
তবে না বলা অনেক কথা বলতে রাজি তিনি। তাই তো বিদায় নেওয়ার পরেও মনের ভেতরে জমে যাওয়া কথাগুলো জানাতে উদগ্রীব ফুটবল কিংবদন্তি। সঙ্গে মিস করা শুরু করেছেন জাতীয় দলের মুহূর্তগুলোকে।
গতকাল মনুমেন্তালে রাজসিক বিদায় নেওয়ার পর তাই আরো একবার আবেগাপ্লুত হলেন মেসি।
নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে আবেগীয় বার্তাই দিলেন ৩৯ বছর বয়সী প্লে মেকার।
বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ, আর এখনই সেই নীল-সাদা জার্সিটার জন্য মন খারাপ লাগছে। তবে জানি, সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আনন্দ আর কিছু বেদনায় ভরা এই পথচলাটা ছিল সত্যিই অসাধারণ; তবে আমি নিশ্চিত, আমার প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’
সামান্য কিছু শব্দে কিংবা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সবটাই ফুটে তোলা সম্ভব হয়নি বলে জানান মেসি।
তিনি লিখেছেন, ‘অনেক কথা বলা বাকি রয়ে গেছে। মনের ভেতরে যা অনুভব করছি, তা সামান্য কিছু শব্দে কিংবা একটা সোশ্যাল মিডিয়া পোস্টে লিখে বোঝানো অসম্ভব। এই পথচলা আমার পরিবারের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না। তারা সবসময় আমার পাশে ছিল, বিশেষ করে সেই কঠিন মুহূর্তগুলোতে যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।’
ডিয়েগো ম্যারাডোনাকে কখনো ভুলতে চান না মেসি। আর্জেন্টিনার কিংবদন্তি ও নিজের সাবেক গুরুকে নিয়ে লিখেছেন, ‘আমার বন্ধু, সতীর্থদের এবং কোচিং স্টাফদের অবদানও ছিল অপরিসীম। আর আমি কোনোভাবেই ডিয়েগো ম্যারাডোনাকে ভুলতে পারি না। যিনি আমাদের দেশকে তার প্রাপ্য সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন। সবসময়ই বলি, তিনি যখন আমাদের মাঝে ছিলেন তখনও যেমন সাহায্য করেছেন, স্বর্গ থেকেও একইভাবে প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গে ছিলেন।’
ক্যারিয়ারে যে সব ক্লাবে খেলেছেন তাদের প্রতিও সম্মান জানিয়েছেন মেসি। সৃষ্টিকর্তার প্রতি অশেষ ধন্যবাদ জানিয়ে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড লিখেছেন, ‘ধন্যবাদ জানাই আমার খেলা সব ক্লাবগুলোকে, যারা সবসময় আমার আবেগকে সম্মান জানিয়েছে এবং জাতীয় দলের জার্সি গায়ে দেশের জন্য নিজেকে সঁপে দেওয়ার সুযোগ করে দিয়েছে। আর অবশ্যই সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ—তাঁর কৃপা ও ইচ্ছা ছাড়া এতদূর আসার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না।’
সবশেষে সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে মেসি লিখেছেন, ‘আমি সবার প্রতি কৃপাধন্য। আপনাদের সবাইকে খুব ভালোবাসি, সবাইকে খুব মিস করব। সবসময় আমাদের পাশে, আমার পাশে থাকার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকব।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























