অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে অস্ট্রেলিয়ার সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্বনির্ধারিত সফর শেষে তার দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সমবেত হন। এ সময় প্রবাসীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। বিদায়ের মুহূর্তে বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসীদের আন্তরিকতা ও ভালোবাসার মধ্য দিয়ে শেষ হয় তার অস্ট্রেলিয়া সফর।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়ার সিডনি ও রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসব অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ, উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
আমিরে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে আরও ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে তার অস্ট্রেলিয়া সফর শুরু হয়। পরদিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন। পরে শিবিরের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
এরপর ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে দেশের উন্নয়নে তাদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। পুরো সফরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিকতা বিশেষ গুরুত্ব পায়। তাদের প্রত্যাশা, অভিজ্ঞতা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করেছেন বলে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি গণমাধ্যমকে জানান, ডা. শফিকুর রহমানের পূর্বনির্ধারিত সফর শেষে মালয়েশিয়া হয়ে দেশে ফেরার কথা ছিল। তবে দলীয় ও সাংগঠনিক কাজের কারণে তিনি এবার সরাসরি দেশে ফিরছেন। সফরে যাওয়ার আগেই তিনি সফর সংক্ষিপ্ত করার বিষয়টি জানিয়েছিলেন। সেই পূর্বঘোষণা অনুযায়ীই তিনি দেশে ফিরছেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সফর সংক্ষিপ্ত করার তথ্যের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জাতীয় ঐক্যের সংলাপ প্রসঙ্গে এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো চিঠি পায়নি। এ বিষয়ে দলটির কাছে কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণও পৌঁছায়নি।
বাংলা৭১নিউজ/জেএস






















