এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা ধুকলেও সাবলীল ব্যাটিং করছেন প্রোটিয়ারা। দিনের শুরুতেও বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। অবশেষে ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন খালেদ আহমেদ।
ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলটি গুড লেংথে করেছিলেন খালেদ। বলের লাইনে গিয়ে ভালোভাবে খেলতে পারেননি জুবায়ের হামজা, ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে তার প্যাড হয়ে বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজেই বল তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে হামজার ব্যাট থেকে এসেছে ৬১ বলে ২৭ রান।
৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৫১ রান। ৮ উইকেট হাতে নিয়ে ৬০ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৯১ রান।
বাংলা৭১নিউজ/আরএইচ



























