সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে জেলার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে। অপরজন অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০)। তিনি একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ বাধে।
এসময় বাপ্পিকে রক্ষা করতে এগিয়ে গেলে কলেজছাত্র জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে শনিবার রাতে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো সাতজনকে আসামি করা হয়েছে।
এর আগে শনিবার (৩ অক্টোবর) ভোরে নিজবাড়ি থেকে মামলার এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কালিগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পুলিশের কাছে আসে। পরে সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি দল মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত আসামি নাহিদ হাসান ও জাকারিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ





























