কয়েক দিনের সংহিসতার পর গোপালগঞ্জে জনজীবন স্বভাবিক হতে শুরু করেছে। শনিবার রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
রবিবার জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সকাল থেকেই জেলার সড়কগুলোতে চলছে রিকশা ও ইজিবাইকসহ সব ধরনের যানবাহন। শহরের বাজারগুলোতে খুলেছে সব ধরনের দোকানপাট। বাজারগুলোতে বেড়েছে সাধারণ মানুষের ভিড়। স্কুল-কলেজ ও অফিস-আদালত চলেছে স্বাভাবিক নিয়মে।
এদিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যান চলাচল শুরু হলেও ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা এবং গোপালগঞ্জ-রাজশাহী-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ রয়েছে। শহরের প্রধান সড়ক-মহাসড়কে যৌথ বাহিনীকে টহল দিতে দেখা গেছে। তবে গত দু’দিন ধরে জেলার কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জ জেলায় ৫৫ প্লাটুন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মিডিয়া সেলের উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ























