কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকেরা জানান।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট করেছেন এবং তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। তারা বলেন, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ কিংবা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর যশোরসহ সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে পাড়া-মহল্লায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ























