যুক্তরাষ্ট্রের শিকাগোতে ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণ করা হয়েছে। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে নামকরণ করা সড়কটি স্থাপন করা হয়েছে বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত সাবেক সিয়ার্স টাওয়ার, বর্তমানে উইলিস টাওয়ারের পাশে।
এই ঐতিহাসিক নামকরণের উদ্যোগে যুক্ত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে তিনি বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যারা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এই প্রয়াসে সামান্য একজন অংশীদার হতে পেরে তিনি গর্বিত।
মুশফিকুল ফজল আনসারী জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
রোববার শিকাগোতে তাৎক্ষণিক কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে নামফলক উন্মোচন করা হবে। পরে বড় পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত নিজের আরও একটি উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ২০১৩ সালে এই শিকাগো শহরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল তার। পরের বছর সিটি কাউন্সিল ‘সম্মানসূচক জিয়াউর রহমান সড়ক’ নামটি অনুমোদন করে।
দীর্ঘ এক যুগ পর একই শহরের সড়কে বেগম খালেদা জিয়ার নাম দেখতে পাওয়াকে নিজের জন্য বিশেষ আনন্দের বলে উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী। তার ভাষায়, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এই অপ্রতিরোধ্য নেত্রীর প্রতি যুক্তরাষ্ট্রের এটি এক অনন্য সম্মান।
বাংলা৭১নিউজ/জেএস





















