দেশের চলমান পরিস্থিতিতে জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারপ্রধানের এই সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে।
এনসিপির সঙ্গে বিএনপির সংলাপের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে যে ষড়যন্ত্র চলছে এটা কোন দল নয় তা পুরো জাতির বিষয়। যেসব দেশপ্রেমিক রাজনৈতিক দল দেশের উন্নতি চায় এ জায়গায় ঐক্যবদ্ধ থাকার কথা।
এনসিপির সাথে বিএনপির সংলাপের বিষয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে বিশৃঙ্খলা করছে, এর জন্য জাতীয় ঐক্য দরকার। ১৭ বছরে ফ্যাসিবাদি লড়াইয়ে মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ফিরিয়ে আনার জন্য সবাইকে রাজপথে নামা দরকার।
এদিকে সংলাপের বিষয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাড়া দেবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম— জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।
কিন্তু বিএনপি সেই ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সর্বপ্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে দ্বিতীয়বারের মতো যখন নির্বাচন হলো, তখন নির্বাচনে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দল অঙ্গীকার করেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই যখন তারা শপথগ্রহণ করল, সেই শপথ গ্রহণেই তারা দ্বিতীয়বারের মতো আবারও জাতীয় ঐক্য ভঙ্গ করল এবং জনগণের প্রতি দেয়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দেয়া অঙ্গীকার ভঙ্গ করল সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে। গত ৭ মাস ধরে তারা এই গণভোটের গণরায়কে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করেছে।
প্রসঙ্গত, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর ধারাবাহিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর সংলাপের এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে থানায় অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাও অন্তর্ভুক্ত।
এ ছাড়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পৃথক এসব ঘটনাসহ নাশকতা ও হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজন বিএনপি নেতা ও দু’জন বাস কন্ডাক্টরসহ ৫ জন নিহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস





















