ভিন্ন ভিন্ন জগতের তিন কিংবদন্তি মিলিত হয়েছেন এক মঞ্চে। সেই মিলন যদি শ্রদ্ধাবোধ ও নিখাদ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে, তবে তা দাগ কেটে যায় কোটি মানুষের মনে।
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ঠিক এমনই এক আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া দৃশ্যের সাক্ষী হলেন উপস্থিত সবাই, এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
গত ৩ অক্টোবর মুম্বাইতে ড. পি. জগন্নাথের লেখা আত্মজীবনীমূলক বই ‘ডিআর ব্লু: আ ক্যানসার সার্জন’স জার্নি ইনটু দ্য হিউম্যান সাইড অব হিলিং’ -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, তাঁর স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার এবং প্রখ্যাত প্রবীণ কবি-গীতিকার গুলজার।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে এই তিন কিংবদন্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন প্রবেশ করতে শচীন টেন্ডুলকার এবং তাঁর স্ত্রী অঞ্জলি অত্যন্ত বিনম্রতার সাথে এগিয়ে গিয়ে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন।
বচ্চন দম্পতিও অত্যন্ত স্নেহে শচীনকে জড়িয়ে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিলেন ৯০ বছর বয়সী প্রবীণ ব্যক্তিত্ব গুলজার। কথা বলার মাঝখানে তাঁর কিছুটা অস্বস্তি হলে দর্শকাসনে বসা শচীন কালবিলম্ব না করে নিজে উঠে গিয়ে এক গ্লাস পানি গুলজারের হাতে তুলে দেন। শচীনের এই বিনয় দেখে গুলজার সাহেব তাঁর হাত চেপে ধরে পরম স্নেহে পানি পান করেন।
অনুষ্ঠান শেষে যখন গুলজার মঞ্চের সিঁড়ি দিয়ে নামছিলেন, তখন প্রবীণ বয়সের কারণে তিনি কিছুটা ভারসাম্য হারাচ্ছিলেন। বিষয়টি খেয়াল করে তৎক্ষণাৎ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন। ঠিক একই সময়ে দর্শকাসন থেকে দ্রুত ছুটে আসেন শচীন টেন্ডুলকারও। এরপর দুই কিংবদন্তি দুই দিক থেকে গুলজার সাহেবকে পরম যত্নে ধরে সাবধানে মঞ্চ থেকে নিচে নামিয়ে আনেন।
ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মাননা পাওয়া এই তারকাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সাধারণ মানুষের মতো একে অপরকে সাহায্য করার এই মানসিকতা নেটিজেনদের প্রশংসায় ভাসাচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























