রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত ১টার দিকে এবং একই বছরের ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে শহিদুল ইসলাম তার মেয়ের শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ছাড়া এর আগে প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় তিনি মেয়েকে ধর্ষণ করে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় শহিদুল ইসলামকে আসামি করে মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়, স্বামীকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাধা দিলে বাদী ও তার মেয়েকে মারধর এবং হত্যার হুমকি দেওয়া হতো। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করেন তিনি।
মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মেয়েকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।
তিনি জানান, মামলার আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























