অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন শ্রমিকরা। সোমবার বিক্ষোভ কর্মসূচিতে এক অটোরিকশা শ্রমিক নেতা বলেন, আমরা সুশৃঙ্খলভাবে মিছিল করব, আমরা কোনো কিছু করব না।
ভদ্রভাবে আন্দোলন করব, ভদ্রতা কাকে বলে দেখায় দেব।
তিনি বলেন, এখন থেকে গাড়ি চলবে, ডাম্পিং করতে পারবে না। এ ছাড়া তিন দিনের মধ্যে এক শ্রমিকের মুক্তিার দাবি জানান এই নেতা। দাবি না মানলে পুরো ঢাকা সিটিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে রাজধানীতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শত শত অটোরিকশা চালক জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। একপর্যায়ে দুপুরের দিকে প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে সোমবার সকাল থেকেই রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর একাধিক সড়কে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সেই সঙ্গে অটোরিকশা না থাকায় অফিসগামী মানুষ ছাড়াও শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
অন্যদিকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ছাড়াও প্যাডেলচালিত রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ


























