পাবনায় মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আতাইকুলা কাছারপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মাদরাসা চত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থী।
একপর্যায়ে উত্তেজিত ছাত্র-ছাত্রীরা মাদরাসার অধ্যক্ষের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।
অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহর কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষককে নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বহিষ্কারসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা দাবি করেন।
পলাতক থাকায় অভিযুক্ত শিক্ষক নাজমুল হক রিচার্ডের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আতাইকুলা কাছারপুর দাখিল মাদরাসার অধ্যক্ষ হুজ্জাতুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























