বিশ্ব ফুটবলে বেনিন নামটা খুব একটা পরিচিত নয়। তবে কদিন ধরে বেনিনকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে, জেগেছে কৌতূহল।
সেটা লিওনেল মেসির কারণে।
বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে প্রথমবারের মতো আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। এটিই হবে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে তাই এক দেশের জন্য ম্যাচটা হতে চলেছে ঐতিহাসিক, আরেক দেশের জন্য আবেগের।
মানচিত্রে বেনিন কোথায়
বেনিনের অবস্থান পশ্চিম আফ্রিকার দক্ষিণে আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগর পাড়ে। বেনিনের পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া এবং উত্তরে নাইজার ও বুরকিনা ফাসো।
পশ্চিম আফ্রিকার মানচিত্রে বেনিনের অবস্থান। ছবি: সংগৃহীত
দেশটির রাজধানী পোর্তো-নোভো; তবে বৃহত্তম শহর কোতোনু, যা একই সঙ্গে দেশটির প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র।
১৯৬০ সালের ১ আগস্ট ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে তৎকালীন দাহোমে। ১৯৭৫ সালে দেশটির নাম বদলে রাখা হয় বেনিন।
ফুটবলে বেনিন কতটা শক্তিশালী
ফিফা বিশ্বকাপের মূল পর্বে কখনো জায়গা করে নিতে পারেনি বেনিন। মহাদেশীয় ফুটবলে তাদের সবচেয়ে বড় সাফল্য ২০১৯ সালে আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ার্টার ফাইনাল খেলা। ২০২৫ সালে সর্বশেষ আসরের শেষ ষোলোয় উঠেছিল তারা।
ফিফা লাইভ র্যাংকিংয়ে এই মুহূর্তে বেনিনের অবস্থান ৮৯তম। সর্বশেষ পাঁচ ম্যাচে দলটি জিতেছে দুটি, ড্র করেছে দুটি, হেরেছে একটি।
বেনিনের ফুটবল অবকাঠামোও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। ফিফার ‘ফরোয়ার্ড’ কর্মসূচির আওতায় দেশটিতে পাঁচটি টেকনিক্যাল সেন্টার ও পাঁচটি মাঠ উন্নয়নে অর্থায়ন করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে প্রতিভা বিকাশের জন্য প্রশিক্ষণকেন্দ্রও গড়ে উঠছে।
জাতীয় দলে তারকা
বর্তমানে বেনিন জাতীয় ফুটবল দলে সবচেয়ে বড় তারকা স্টিভ মুনি। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার দলটির অধিনায়কও। বেনিনের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (২৩) মুনি। ক্লাব ফুটবলে জার্মান বুন্দেসলিগার দল অগসবুর্গে খেলছেন তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ





























