উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় দেখেছে ক্রোয়েশিয়া। ঘরের মাঠে ইংলিশ আক্রমনভাগের সামনে দাঁড়াতেই পারেনি মদরিচ বাহিনী।
এই জয়ে ইংল্যান্ড বিশ্বকাপের যন্ত্রণা কাটিয়ে উঠছে বলে জানিয়েছে কোচ টমাস টুখেল।
ক্রোয়েশিয়ার স্টাডিওন এইচএনকে রিজেকায় ইংলিশ আক্রমণভাগে চারজনের বিধ্বংসী সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত আনন্দিত ছিলেন টুখেল। গত বছর বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের জন্য উয়েফা কর্তৃক ক্রোয়েশিয়াকে শাস্তি দেওয়ায় খেলাটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৬ হাজার ২০০ স্থানীয় স্কুলছাত্রকে বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
দলের বড় জয়ের পর আত্মবিশ্বাসী টুখেল জানান, খেলোয়াড়রা এই লম্বা আন্তর্জাতিক বিরতিকে কাজে লাগিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার কষ্ট বা হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে।
এই ইংলিশ কোচ বলেন, ‘যদি আপনি কষ্ট পান, তবে সেই কষ্টটাকে মেনে নিয়েই আপনাকে থাকতে হবে। হতাশার বেলাতেও ঠিক একই কথা প্রযোজ্য। ক্যাম্পের শুরুতে কাজটা মোটেও সহজ ছিল না। স্পেনের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেছি।
অনুশীলনে আমরা যে আলোচনা করেছি, খেলোয়াড়রা মাঠে ঠিক সেভাবেই মনোযোগ দিয়ে খেলেছে।
ক্রোয়েশিয়ার মতো জায়গায়, এমন পরিস্থিতির মধ্যে গিয়ে আধিপত্য বিস্তার করে জেতাটাই হলো সামনে এগিয়ে যাওয়ার আসল উপায়। আমাদের মনে সবসময়ই একটা ক্ষত বা দাগ থাকবে, আমরা কষ্টও পাব—কিন্তু এটাই সামনে এগিয়ে যাওয়ার পথ। আমরা তিন ম্যাচই একই ছন্দে খেলেছি বলে যোগ করেন এই জার্মান কোচ।
বাংলা৭১নিউজ/আরএইচ





























