জাতীয় সংসদের মহিলা আসন ২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের টানেলে জরুরি সংবাদ সম্মেলনে এসে এ তথ্য জানান স্পিকার।
তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।’
এটি গেজেট করার জন্য পাঠানো হয়েছে বলে জানান স্পিকার।
তিনি বলেন, গেজেট আসার পরেই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব।
পদত্যাগের কারণ জানতে চাইলে স্পিকার বলেন, সংসদের বিধান হলো এই যে এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।
এদিকে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ (১ অক্টোবর) পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ
























