জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে প্রাণিবিজ্ঞান এবং জীববিজ্ঞানভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তরুণ গবেষকদের এ ক্ষেত্রে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এমন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গবেষণার মাধ্যমে দেশের প্রাণী ও প্রাকৃতিক সম্পদকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে খাদ্য উৎপাদনে নিরাপদ ও প্রাকৃতিক পদ্ধতির দিকে গুরুত্ব দিতে হবে। মানুষের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘রাজনীতি বা তাত্ত্বিক আলোচনার বাইরে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং সন্তানদের সুশিক্ষার সুযোগ নিশ্চিত করাও মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্রের বাস্তব সুফল মানুষের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন।’
চিফ হুইপ আরও বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে গবেষণা ও উদ্ভাবনের বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন ও টেকসই গবেষণার মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও তরুণরা ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. খালেদ কনক, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
বাংলা৭১নিউজ/জেএস






















