জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা ও শহরের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর বাসের ক্ষেত্রেও কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়বে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ছে ১৭ পয়সা।
মালিকেরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে এগ্রিমেন্ট করবেন এবং মেট্রোপলিটন ও জেলা—সব জায়গাতেই ৩ পয়সা কম নেওয়া হবে। তার মতে, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন হতে পারে।’
এর আগে সোমবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হয়।
গত এপ্রিলেও ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়। এবারের ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন কমিয়ে ৪০ বা তার চেয়ে কম করা হয়েছে এবং সেগুলোকে আরামদায়ক করা হয়েছে।
এসব বাসে ভাড়াও তুলনামূলক বেশি। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত হতো। নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হওয়ায় এখন বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















