বাংলাদেশের উপকূলীয় এলাকায় মজুত থাকা তেল ও গ্যাসসম্পদ অনুসন্ধান ও উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দুই দেশের স্বার্থে বাংলাদেশ ও ইতালির সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশকে ইতালির স্বীকৃতির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয়। সময়ের সঙ্গে এ সম্পর্ক বাণিজ্য, অভিবাসন, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশের তৈরি পণ্যের অন্যতম বড় বাজার।
তৈরি পোশাক ছাড়াও ইতালিতে বাংলাদেশি বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি অভিবাসীদের জন্য ইতালি দীর্ঘদিন ধরে সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।
রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে স্পিকার বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে ইতালি প্রতিবছর বাংলাদেশকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তিনি আরো বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। সংসদীয় গণতন্ত্রের বিকাশের ফলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হয়েছে।
বাংলাদেশের প্রতিরক্ষা খাতেও ইতালি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে স্পিকার বলেন, ইতালির বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও মেশিনারি বাংলাদেশের বাজারে রয়েছে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো কৌশলগত পর্যায়ে বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশ ইতালির পুরনো বন্ধু।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতালির সরকার সবসময় দৃঢ় সমর্থন দিয়ে আসছে। দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতিকে আরো জোরদার করতে ইতালি আগ্রহী। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিক পণ্য প্রতিবছর বিপুল পরিমাণে ইতালিতে রপ্তানি হচ্ছে। আগামীতে এই রপ্তানি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















