বিদেশ ভ্রমণের সময় আন্তর্জাতিক রোমিং সেবা নিয়ে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। রোমিং প্যাকেজ কেনার পর সময়মতো সক্রিয় না হওয়া, বিদেশে গিয়ে নেটওয়ার্কে যুক্ত হতে না পারা, ইন্টারনেটের গতি কম থাকা এবং জরুরি সময়ে গ্রাহকসেবা না পাওয়ার অভিযোগ তুলে কার্যকর নজরদারি ও পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
সম্প্রতি চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরে মহিউদ্দিন আহমেদ বলেন, কয়েকজন ব্যবসায়ী ১৫ দিনের রোমিং প্যাকেজ কিনে তিন দিনের পরই তা শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। আবার কেউ কেউ রবি ও বাংলালিংকের রোমিং প্যাকেজ নিয়ে বিদেশে ঠিকমতো নেটওয়ার্ক না পাওয়ার কথা জানিয়েছেন।
তিনি বলেন, বিদেশে মোবাইল সংযোগ ব্যাংকিং, অফিসের কাজ, অনলাইন পেমেন্ট, ম্যাপ ও জরুরি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তাই রোমিং সেবা ব্যর্থ হলে গ্রাহক বড় ধরনের ভোগান্তিতে পড়েন।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রতি সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে—রোমিং প্যাকেজ সক্রিয় হওয়ার বিষয়টি গ্রাহককে নিশ্চিতভাবে জানানো, সক্রিয় না হলে অর্থ ফেরতের ব্যবস্থা, কোন দেশে কোন নেটওয়ার্কে কী ধরনের সেবা পাওয়া যাবে তা স্পষ্ট করা এবং ২৪ ঘণ্টার কার্যকর রোমিং হেল্পলাইন চালু করা।
এ ছাড়া রোমিংয়ের অভিযোগের সংখ্যা ও সমাধানের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ এবং একই সমস্যা বারবার হলে এর মূল কারণ শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, পর্যটন ও বিভিন্ন প্রয়োজনে বিপুলসংখ্যক বাংলাদেশি বিদেশে যাচ্ছেন। তাই আন্তর্জাতিক রোমিং সেবার মান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা জরুরি।
বাংলা৭১নিউজ/জেএস























