দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।
তিনি বলেন, ‘আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। দেশটা আমাদেরই গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরাই থাকব। আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি যে দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব।
ইনশাল্লাহ, আমরা পারব।’
তরুণ সমাজের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশকে যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি ২০২৪ সালের ৫ আগস্ট তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে।’
ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী তিন মাস আমরা ডেঙ্গুর সমস্যাটা সমাধানের চেষ্টা করব।
হয়তো আমরা ১০০ ভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ ভাগ আমরা পারব, ইনশাআল্লাহ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ হয়তো আপনাদের একটু কষ্ট হবে। কিন্তু প্রতি সপ্তাহে যদি আপনার নিজের বাসা হোক, স্কুল-কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, একটা ঘন্টা করে সময় দিই সেই জায়গাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য, তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব।’
অনুষ্ঠানে ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক ও দক্ষিন সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বক্তব্য দেন।
এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত বুধবার জাতীয় সংসদে বলেন, ‘১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৫ হাজার ৪৭৫ জন।
এর মধ্যে মৃত্যুবরণ করেছে ১৩০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩ হাজার ২১৮ জন।’
এ বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে যৌথভাবে একটি মিটিং করেছেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ডেঙ্গুর সবচেয়ে অ্যালার্মিং সময় হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি, তার দ্বিগুণ সংখ্যা হওয়ার শঙ্কা রয়েছে এই তিন মাসে। যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ নামে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন।”
মীর শাহে আলম বলেন, সপ্তাহের প্রত্যেক শনিবার সারা দেশে এই কার্যক্রম জাতীয়ভাবে বা সরকারিভাবে পরিচালিত হবে। আর প্রতিদিন সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এই কার্যক্রম পরিচালনা করবে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























