পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বই পাওয়া যাবে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থাও তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।
আয়োজকরা বলছেন, দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে বইমেলাটি জ্ঞানচর্চা ও ইসলামি সংস্কৃতির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের আশা, এ বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন, হাদিস ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের চর্চা বাড়ানোর পাশাপাশি ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে মেলাটি ভূমিকা রাখবে।
বিভিন্ন দেশি-বিদেশি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং বিপুলসংখ্যক ইসলামি গ্রন্থের সমাহার থাকায় মেলায় ব্যাপক পাঠকসমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।
বাংলা৭১নিউজ/জেএস



























