রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে যৌথ বাহিনী ও এলিট ফোর্স র্যাব। শীর্ষ গ্যাং লিডার ও গডফাদারদের আইনের আওতায় আনার ফলে এলাকার সার্বিক আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ কথা জানান।
মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোরগ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ সংঘবদ্ধ অপরাধী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর র্যাব এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোলচর এলাকায় সফল অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে প্রথমে সন্ত্রাসী হৃদয়, সোহেল, সুজন ও রাব্বীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে এলেক্স ইমন হত্যা মামলার ৭ নম্বর আসামি জহিরুল ইসলাম বিপুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়ীবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাং লিডার ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করে আসামি বিপুল ও তার সহযোগীরা।
বাংলা৭১নিউজ/আরএইচ























