রাজধানী ঢাকার বারিধারাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, ভোর ৪টা ৫৬ মিনিটে কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বালতি ও মগ দিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এরপর ফায়ার সার্ভিস পুরো ভবন তল্লাশি করে বিশেষ যন্ত্রের মাধ্যমে ধোঁয়া বের করে দেয়।
ফায়ার সার্ভিস ও পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মোটামুটি সুস্থ ছিলেন। তবে অগ্নিকাণ্ডের পরপরই ধোঁয়ার সংস্পর্শে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ফজরের নামাজের সময় বাসভবনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হওয়ায় হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। দুজনই বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা গুরুতর নয়।
বাংলা৭১নিউজ/জেএস


























