কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদল। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১২টার দিকে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র ও রেজিস্ট্রেশন সেন্টারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা আশ্রিত রোহিঙ্গাদের পাশাপাশি কেন্দ্রগুলোতে কর্মরত চিকিৎসক, নার্স ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
ক্যাম্পের সার্বিক পর্যবেক্ষণ শেষে বিকেলে মার্কিন প্রতিনিধিদলটি উখিয়া উপজেলা সদরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়।
মার্কিন প্রতিনিধিদলের সদস্যেরা এ সময় গণমাধ্যমের সঙ্গে সরাসরি কোনো কথা বলেননি। তবে সফরটিকে কেন্দ্র করে উখিয়ার সাধারণ রোহিঙ্গারা নিজ মাতৃভূমিতে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসনের দাবি জানান। তারা এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।
ক্যাম্প পরিদর্শন কার্যক্রম শেষে শুক্রবার বিকেলেই প্রতিনিধিদলটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বাংলা৭১নিউজ/জেএস











