কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধবিরতির অবসান ঘটেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ভোরের দিকে আইআরজিসি জানায়, অনুমোদিত রুট থেকে সরে গিয়ে আইন লঙ্ঘন করায় সাইপ্রাসের পতাকাযুক্ত ‘এমভি জিএফএস গ্যালাক্সি’ নামের একটি বাণিজ্যিক জাহাজে তারা নৌ-ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার কারণে জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রুরা জাহাজ ছেড়ে লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হন। এই ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।
এই হামলার পরপরই ইরান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। একই সাথে তারা সতর্ক করেছে যে, এই প্রণালি বন্ধের পর যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে এবং ওই অঞ্চলের নতুন মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, “ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তাদের এর মূল্য দিতে হবে।”
চলতি সপ্তাহের শুরুতে ওমান উপসাগরে তিনটি মার্কিন ট্যাংকারে হামলার ঘটনার পর থেকে এই উত্তেজনার সূত্রপাত। মার্কিন হামলার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত তাদের ১৭ জন নাগরিক নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়।
এই সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের এই ধারাবাহিক হামলার অর্থ হলো পূর্বের ‘যুদ্ধবিরতি শেষ’। তবে এর মধ্যেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্যাংকারে হামলাগুলো অভ্যন্তরীণ একটি বিপথগামী গোষ্ঠীর ভুল ছিল। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানকে প্রকাশ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ও বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের ঘোষণা দিতে হবে।
এদিকে, গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে মোজতবা খামেনি তার বাবার হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার কসম খেয়েছেন। তিনি বলেন, “প্রতিশোধ নেওয়া জাতির ইচ্ছা। আমরা এই যুদ্ধাপরাধীদের কাছ থেকে শহীদ নেতাদের রক্তের বদলা নেবই।”
সম্প্রতি ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ সহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ওয়াশিংটনের সাথে এমন একটি গোপন তথ্য শেয়ার করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরানের নতুন পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। এই প্রসঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্টকে হত্যার কোনো চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র ইরানের “সব এলাকা ধ্বংস ও নিশ্চিহ্ন” করে দেবে।
হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বাংলা৭১নিউজ/এসএইবি





















