ইসলামী বিপ্লবের শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজা ও দাফন প্রক্রিয়া কমিটির সেক্রেটারি জানিয়েছেন, ইরাকে বিদায় অনুষ্ঠানে অভূতপূর্ব জনস্রোত ও ভিড়ের কারণে জাতীয় কমিটির পূর্বনির্ধারিত কর্মসূচিতে কিছুটা বিলম্ব ঘটেছে।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, শহীদ নেতার জানাজা ও দাফন প্রক্রিয়া কমিটির সেক্রেটারি আলী আকবর পুরজামশিদিয়ান বলেছেন: “ইরাকের জনগণ নাজাফ আশরাফ এবং কারবালা-এ-মোয়াল্লায় শহীদ নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক ঐতিহাসিক গণজাগরণের সৃষ্টি করেছে। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, এই বিশাল জনসমাগমের কারণে সৃষ্ট ভিড়ে আমাদের জাতীয় কমিটির বিদায় ও দাফন অনুষ্ঠানের মূল সূচিতে কিছুটা বিলম্ব হয়েছে।”
পুরজামশিদিয়ান আরও যোগ করেন: “মাশহাদ পবিত্র নগরীর জানাজা কমিটির পক্ষ থেকে সাধারণ মানুষের দীর্ঘক্ষণ অপেক্ষা ও কষ্ট লাঘব করতে আমরা একটি নতুন সময় নির্ধারণ করেছি। যেহেতু শহীদ নেতার পবিত্র কফিন এবং তাঁর সম্মানিত শহীদ পরিবারের সদস্যদের মাশহাদ পৌঁছাতে দেরি হতে পারে, তাই বৃহস্পতিবার সকাল ৬টা বা ৮টায় যে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল, তা এখন ২টায় শুরু হবে।”
এদিকে, রাজাভি খোরাসান প্রদেশের জানাজা ও দাফন প্রক্রিয়া কমিটির মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই জানাজা ও দাফন অংশ নিতে ইতিমধ্যে বিশ্বের ২৭টি দেশ থেকে ৪,৭০০ জনেরও বেশি বিদেশি অতিথি ও প্রতিনিধি পবিত্র মাশহাদ নগরীতে এসে পৌঁছেছেন।
বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে

























