মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এই দুজনের বিদায়ের পর ধস নামে টাইগারদের ইনিংসে। শেষ ২৭ রান তুলতেই ৮ উইকেট হারায় সফরকারীরা। তাতে ১৪০ রানে অল আউট হয় বাংলাদেশ।
হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মুমিনুল।
শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি।
তবে জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। এই সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাননি জয়। হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় তাকে। ১৭ বল খেলে করেন মাত্র ২ রান।
এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল ইসলাম। কিন্তু সাদমান ফিরে যান ২০ রান করে। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। দুজনের ৭৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে ধস নামে টাইগারদের ইনিংসে।
৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্তও। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যর্থ হয়েছেন। তাতে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/একেএএম