উরুগুয়ের বিপক্ষে পরাজয়ের ধাক্কা সামলে বছর শেষ ম্যাচে মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
মেসি-পরবর্তী যুগের সূচনালগ্নে দলের মূল ভিত্তির সঙ্গে নতুনদের রসায়ন পরখ করে দেখতেই এই প্রীতি ম্যাচকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন কোচ।
উরুগুয়ে ম্যাচের পর স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে। তবে আগের ম্যাচে নজর কাড়া কয়েকজন ফুটবলারকে আবারও শুরুর একাদশে রাখার পথ খোলা রেখেছেন তিনি। স্কালোনির ভাষায়, ‘মঙ্গলবার আমরা কিছু পরিবর্তন আনব, তবে কিছু খেলোয়াড় আবারও শুরু করতে পারেন; এমন কয়েকজন আছেন যাদের খেলা আমার পছন্দ হয়েছে।
খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়ানোর ওপর জোর দিয়ে এই কোচ জানান, মাঠে একে অপরের মুভমেন্ট বুঝতে একসঙ্গে খেলার কোনো বিকল্প নেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং আক্রমণভাগের মূল ভরসা হিসেবে হুলিয়ান আলভারেজের খেলা অনেকটাই নিশ্চিত।
এই ম্যাচে কোচের সবচেয়ে বড় কৌশলগত পরীক্ষা হতে যাচ্ছে তরুণ তুর্কি নিকো পাজকে নিয়ে। উরুগুয়ের বিপক্ষে আক্রমণভাগের ত্রিফলায় হুলিয়ান ও থিয়াগো আলমাদার সঙ্গী হলেও, কর্দোবায় তাকে এজেকুয়েল প্যালাসিওসের জায়গায় মাঝমাঠে খেলানো হতে পারে।
এর ফলে আক্রমণভাগে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির জন্য দরজা খুলে যাবে।
এ ছাড়া আক্রমণভাগ সাজাতে মাতিয়াস সুলে এবং ফ্রাঙ্কো মাস্তানতুওনোর মতো বিকল্পও হাতে রাখছেন স্কালোনি।
পরিবর্তনের হাওয়া বইছে রক্ষণভাগের দুই প্রান্তেও। রাইট-ব্যাক পজিশনে গঞ্জালো মন্টিয়েলের জায়গায় সুযোগ পেতে পারেন আগুস্তিন গিয়ায়।
অন্যদিকে, লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনার জায়গায় নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগার মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে।
সেন্ট্রাল ডিফেন্সে লিওনার্দো বালের্দি ও লিসান্দ্রো মার্তিনেজ জুটির ওপরই ভরসা রাখছেন কোচ, আর গোলপোস্টের নিচে থাকছেন ইমিলিয়ানো মার্টিনেজ (যদিও জেরোনিমো রুলির খেলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে)।
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—
ইমিলিয়ানো মার্তিনেজ, আগুস্তিন গিয়াই, ফাকুন্দো মেদিনা/লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, রোমান ভেগা; এনজো ফার্নান্দেজ, মাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। কোচ : লিওনেল স্কালোনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























