দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দেশটির পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভারুনি মুতুকুমারানা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামী ১৯ নভেম্বর হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা ত্যাগ করার কথা রয়েছে।
দুই দিনের এ সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া শ্রীলঙ্কার ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
সফরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সমন্বিত সহযোগিতার জন্য যৌথ পরামর্শক কমিশন প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলা৭১নিউজ/আরএইচ
























