দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকার এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা। তবে তাদের কারও শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৫১৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯১ শিশু। ফলে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৭৬ হাজার ৮৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৬২ হাজার ২৮৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৫০৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে রোগটির বিস্তার রোধ করা সম্ভব।
বাংলা৭১নিউজ/জেএস