শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

বর্জ্য অপসারণে বিলম্ব: সিটি করপোরেশনের সেই দুই কর্মকর্তা বরখাস্ত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলা করায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া দুই উপসচিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে সাময়িক বরখাস্ত করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এই দুই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তের আদেশাধীন ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ১ জুন থেকে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

কোরবানির ঈদের পরদিন গত শুক্রবার কোনো প্রটোকল ছাড়াই প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন।

রাজধানীর এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে দায়িত্ব অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই দিনই তাদের সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com