শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

এক বল এদিক-সেদিক হলেই বিদায় পাকিস্তান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এখন আর শুধু জিতলেই হবে না। হিসাব মিলাতে হবে রান রেটে, সেটাও সময়ের ভেতর, এমনকি ব্যবধানেও। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান এমন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে, যেখানে সামান্য ভুল মানেই বিদায়।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৪ উইকেটের জয় পাকিস্তানের সামনে সেমিফাইনালের এক ক্ষীণ কিন্তু গাণিতিক সম্ভাবনা তৈরি করেছে। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়ার লড়াই এখন নিউজিল্যান্ড, পাকিস্তানের মধ্যে।

সুপার এইটের গ্রুপ ২ এ ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৩ পয়েন্ট এবং প্লাস ১ দশমিক ৩৯০ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রান রেট মাইনাস ০ দশমিক ৪৬১।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে কেবল জিতলেই হবে না, নিউজিল্যান্ডের রান রেটও টপকাতে হবে। সেমিফাইনালের টিকিট পেতে হলে শনিবার দুটি পথের যেকোনো একটি পূরণ করতে হবে বাবর আজমদের।

প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৩ রানের ব্যবধানে জিততে হবে। যদি পাকিস্তান ১৫০ রান তোলে, তবে শ্রীলঙ্কাকে আটকে দিতে হবে ৮৭ রানের মধ্যে। স্কোর যত বাড়বে, ব্যবধানও তত বাড়াতে হবে।

পরে ব্যাট করলে চ্যালেঞ্জ আরও কঠিন। শ্রীলঙ্কা যে লক্ষ্যই দিক না কেন, তা ছুঁতে হবে মাত্র ১২ দশমিক ৪ ওভারের মধ্যে। এক বল বেশি লাগলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে।

পালেকেল্লের মন্থর উইকেটে বড় রান তোলা কিংবা দ্রুত রান তাড়া করা দুই ক্ষেত্রেই স্পিনাররা বড় বাধা হতে পারেন। এই মাঠেই কিছুদিন আগে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯৫ রানে অলআউট হয়েছিল। পাকিস্তানও ইংল্যান্ডের বিপক্ষে ১৬৪ রান তুলেও ম্যাচ বাঁচাতে পারেনি।

তবে শ্রীলঙ্কা তাদের শেষ তিন ম্যাচে জিম্বাবুয়ে, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের কাছে হেরে মানসিকভাবে কিছুটা চাপে আছে। পালেকেল্লেতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও পূর্ণ ২০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ মাঠের লড়াইয়ে ভাগ্য ঘোরানোর সুযোগ থাকছে বাবর আজমদের সামনে। নির্ধারিত সমীকরণ মিলাতে না পারলে সেমিফাইনালে যাবে কিউইরাই।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com