অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৬’।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের ১৪টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অংশগ্রহণ করছে।
বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র, গৃহসজ্জার সামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শন করছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়ানো, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মেলায় ইপিবির একটি পৃথক স্টলও রয়েছে। সেখানে বাংলাদেশের রপ্তানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং সম্ভাবনাময় খাত সম্পর্কে আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের ধারণা দেওয়া হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ২০টি দেশের ৯০০-এর বেশি প্রদর্শক অংশ নিচ্ছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, ডিজাইনার, উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি, মেলবোর্নে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত একটি বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে উপস্থাপনা করেন বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। এতে আন্তর্জাতিক অংশগ্রহণকারী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে বাংলাদেশের রপ্তানি খাতের সক্ষমতা এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের অন্যতম লক্ষ্য হলো বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ (বি-টু-বি) প্রতিষ্ঠা, নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি আদেশ অর্জনের সুযোগ তৈরি করা। বিশেষ করে প্রচলিত বাজারের বাইরে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশি পণ্যের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে নতুন ক্রেতা সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণে ইতিবাচক অগ্রগতি হবে। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার কথা জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।
বাংলা৭১নিউজ/এনি






















