সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নতুন নতুন শব্দের জন্ম হচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড (জেন-জি) ও জেনারেশন আলফার তরুণদের কথাবার্তায় যুক্ত হচ্ছে নানা মজার শব্দ ও অভিব্যক্তি। কখনো কাউকে প্রশংসা করতে, কখনো মজা করে খোঁচা দিতে, আবার কখনো নিজের জীবনযাপন বা অনুভূতি প্রকাশ করতে ব্যবহার হচ্ছে এসব শব্দ। এরই মধ্যে ২০২৬ সালের আলোচিত শব্দ হিসেবে জায়গা করে নিয়েছে ‘মগিং’। তবে শুধু এটিই নয়, ‘অরা ফার্মিং’, ‘হুইমজি’, ‘স্লপ’ কিংবা ‘আনক’-এর মতো শব্দও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বিবিসির এক প্রতিবেদনে ২০২৬ সালে জেন-জি ও জেনারেশন আলফার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা এমন ১০টি শব্দের অর্থ ও ব্যবহার তুলে ধরা হয়েছে। চলুন, জেনে নেওয়া যাক শব্দগুলোর অর্থ।
১. অরা, অরা পয়েন্টস ও অরা ফার্মিং (Aura, Aura Points, Aura Farming)
কোনো ব্যক্তির ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস কিংবা উপস্থিতির বিশেষ আকর্ষণ বোঝাতে ব্যবহার করা হয় ‘অরা’ শব্দটি। কেউ দারুণ কোনো কাজ করলে তার অরা পয়েন্ট বাড়ে, আবার বিব্রতকর বা বোকামিপূর্ণ কিছু করলে কমে যায়—এমন মজার ধারণা থেকেই এসেছে ‘অরা পয়েন্টস’। অন্যদিকে, নিজেকে আকর্ষণীয় প্রমাণ করার জন্য অতিরিক্ত চেষ্টা করাকে বলা হয় ‘অরা ফার্মিং’।
২. মগিং (Mogging)
২০২৬ সালের আলোচিত শব্দগুলোর মধ্যে অন্যতম ‘মগিং’। কলিন্স ডিকশনারি এটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করেছে। কারও চেহারা, পোশাক, ব্যক্তিত্ব কিংবা আত্মবিশ্বাসের কারণে অন্য কাউকে ছাপিয়ে যাওয়াকে বোঝায় এই শব্দ। অর্থাৎ, একই জায়গায় দুজন থাকলে একজনের উপস্থিতি বা স্টাইল অন্যজনের চেয়ে বেশি নজর কাড়লে বলা হয়, তিনি অন্যজনকে ‘মগ’ করছেন। চলতি বছরে শব্দটির ব্যবহার বেড়েছে ২১০ শতাংশ।
৩. হুইমজি (Whimsy)
এটি কেবল একটি শব্দ নয়, বরং একধরনের জীবনযাপন। দৈনন্দিন জীবনে ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়া, শিশুসুলভ কৌতূহল ধরে রাখা এবং একটু অদ্ভুত বা মজার কাজের মধ্য দিয়ে জীবন উপভোগ করাকে বোঝায় ‘হুইমজি’। রঙিন পোশাক পরা, মোবাইল থেকে দূরে থেকে বুনন বা হাতের কাজ করা কিংবা ব্যতিক্রমী কোনো শখে সময় কাটানো—সবই এর অংশ। তরুণদের কাছে এটি একঘেয়েমি ভেঙে আনন্দময় জীবনযাপনের প্রতীক।
৪. ম্যাক্সিং (-maxxing)
নিজের কোনো একটি দিককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা বোঝাতে ব্যবহার করা হয় ‘ম্যাক্সিং’ শব্দটি। যেমন, চেহারা আরও আকর্ষণীয় করার চেষ্টা হলে ‘লুকস-ম্যাক্সিং’, ঘুমের অভ্যাস উন্নত করতে ‘স্লিপ-ম্যাক্সিং’, আবার খাবারে প্রোটিন বাড়ানোর চেষ্টা হলে ‘প্রোটিন-ম্যাক্সিং’। অর্থাৎ, কোনো কিছুকে যতটা সম্ভব উন্নত বা সর্বোচ্চ পর্যায়ে নেয়ার প্রচেষ্টাই এই শব্দের মূল অর্থ।
৫. স্লপ (Slop)
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নিম্নমানের ছবি, ভিডিও কিংবা অন্যান্য কনটেন্টকে ব্যঙ্গ করে বলা হয় ‘স্লপ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কনটেন্টের সংখ্যা বাড়তে থাকায় শব্দটির ব্যবহারও বেড়েছে। অনেক ব্যবহারকারী এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এআইয়ের তৈরি নিম্নমানের কনটেন্টমুক্ত পরিবেশ চাইছেন। এদিকে ‘স্লপ’ ও ‘প্রোপাগান্ডা’ শব্দের মিশ্রণে তৈরি ‘স্লপাগান্ডা’ বলতে এআই দিয়ে তৈরি নিম্নমানের প্রচারণামূলক কনটেন্ট বোঝানো হয়। ২০২৬ সালে শব্দটির ব্যবহার বেড়েছে ১ হাজার ৩০০ শতাংশ।
৬. স্লাজ (Sludge)
‘স্লপ’-এর সঙ্গে ‘স্লাজ’ শব্দটির কিছুটা মিল থাকলেও দুটির অর্থ এক নয়। এমন ভিডিওকে ‘স্লাজ’ বলা হয়, যেখানে একই পর্দায় একাধিক ধরনের কনটেন্ট একসঙ্গে দেখানো হয়। যেমন, একদিকে গল্প বলা হচ্ছে, অন্যদিকে চলছে গেম খেলা, পাশাপাশি দেখা যাচ্ছে মনোযোগ ধরে রাখার মতো কোনো দৃশ্য। মূলত দর্শককে দীর্ঘ সময় ভিডিওতে আটকে রাখার উদ্দেশ্যেই এ ধরনের কনটেন্ট তৈরি করা হয়।
৭. ক্ল্যাঙ্কার (Clanker)
এআই রোবট ও চ্যাটবটকে ব্যঙ্গ করে ‘ক্ল্যাঙ্কার’ বলা হচ্ছে। শব্দটির উৎপত্তি ২০০৫ সালের ভিডিও গেম ‘স্টার ওয়ারস: রিপাবলিক কমান্ডো’ থেকে। সেখানে রোবট বা ড্রয়েডদের অপমানসূচকভাবে এই নামে ডাকা হতো। সময়ের সঙ্গে শব্দটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখন এআই প্রযুক্তির ক্ষেত্রেও ব্যবহার করছেন তরুণেরা।
৮. আনক (Unc)
‘আনক’ মূলত ‘আঙ্কেল’ শব্দের সংক্ষিপ্ত রূপ। তবে তরুণদের কথাবার্তায় এটি শুধু চাচা বা মামাকে বোঝায় না। বয়সে বড় কিংবা সময়ের সঙ্গে তাল মেলাতে পারেন না এমন কাউকে মজা করে ‘আনক’ বলা হয়। তবে শব্দটি সব সময় অপমানসূচক নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও কাউকে খুনসুটি করে এ নামে ডাকা হয়।
৯. চাড (Chud)
কাউকে বোকা, নির্বোধ কিংবা ব্যর্থ ব্যক্তি হিসেবে ব্যঙ্গ করতে ‘চাড’ শব্দটি ব্যবহার করা হয়। ১৯৮৪ সালের সায়েন্স ফিকশন হরর সিনেমা ‘সি.এইচ.ইউ.ডি.’ থেকে শব্দটির উৎপত্তি। সিনেমাটিতে ভূগর্ভে বসবাসকারী ভয়ংকর প্রাণীদের বোঝাতে এই নাম ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিসরেও শব্দটির ব্যবহার দেখা যায়। তবে এখন তরুণদের মধ্যে এটি সাধারণত কাউকে ব্যর্থ বা বোকা বোঝাতে ব্যবহৃত হচ্ছে।
১০. কোডেড (-coded)
কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য, অনুভূতি কিংবা চরিত্রের ছাপ থাকলে ‘কোডেড’ শব্দটি ব্যবহার করা হয়। যেমন, ‘গোল্ডেন রিট্রিভার-কোডেড’ বলতে এমন কাউকে বোঝানো হতে পারে, যার আচরণ বন্ধুসুলভ, প্রাণবন্ত ও আনন্দময়। আবার ‘কর্টিসল-কোডেড’ বলতে এমন পরিস্থিতি বা বিষয় বোঝায়, যা মানসিক চাপ বা উদ্বেগ তৈরি করে। শব্দটির মাধ্যমে কোনো কিছুর বিশেষ বৈশিষ্ট্য বা ধরন প্রকাশ করা হয়।
ভাষাবিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে নতুন শব্দ তৈরি ও প্রচলিত শব্দকে নতুন অর্থে ব্যবহারের প্রবণতা বেশ সৃজনশীল। কিংস কলেজ লন্ডনের স্ল্যাং অ্যান্ড নিউ ল্যাঙ্গুয়েজ আর্কাইভের পরিচালক টনি থর্নের মতে, তরুণদের ব্যবহৃত এসব শব্দ থেকে তাদের চিন্তাভাবনা, জীবনযাপন ও আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে প্রচলিত শব্দও দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে।
বাংলা৭১নিউজ/জেএস



























