হাফ ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার মাকে হেনস্তা এবং অসদাচরণের প্রতিবাদে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড় থেকে, ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাসগুলো আটক করে মহসিন হলের মাঠে রাখেন ঢাবি শিক্ষার্থীরা ।
শুক্রবার (২৭ নভেম্বর) ঠিকানা পরিবহনের কর্মীদের হাতে হেনস্তার শিকার ভুক্তভোগী সাজিয়া আফরিন মেহা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য কলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার বিবরণ দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।
পোস্টে মেহা জানান, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাচ্ছিলেন ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২২৬)। বাসটির ভাড়া ৯০ টাকা চাওয়া হলেও তিনি জানতেন ভাড়া ৭০ টাকা। নিয়মিত ভার্সিটির বাসে যাতায়াত করায় ভাড়া বাড়ার বিষয়টি তার জানা ছিল না।
ভাড়া নিয়ে কথা বলার সময় বাসের হেলপার তার সঙ্গে চিৎকার করে কথা বলেন এবং হাফ ভাড়া নিয়ে আপত্তি জানান। পরে তারা পুরো ভাড়া পরিশোধ করেন। এরপরও বাসের কর্মীরা অসদাচরণ করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী।
তিনি জানান, বাসের চালক তখন বলেন, এখন থেকে আর হাফ ভাড়া নেওয়া হবে না, সবাইকে পুরো ভাড়া দিতে হবে। শিক্ষার্থী বাসের কর্মীদের স্টুডেন্ট কার্ড দেখিয়ে বলেন, শিক্ষার্থীদের সপ্তাহের সাত দিনই হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে।
বাস থেকে নামার পর তার মাকে উদ্দেশ করে হেলপার বলেন, ‘বেয়াদব তো আপনি। আপনাদের মতো মানুষদের মাগনা আনলেও হবে না।’
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে ঠিকানা পরিবহনের কর্মীরা চরম অসদাচরণ ও হেনস্তা করেছেন। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এমন দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আজ ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটক করা হয়েছে।
ঠিকানা পরিবহনের কর্মীরা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা করেন, মাঝপথে নামিয়ে দেন এবং খারাপ আচরণ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা বলেন, শিক্ষার্থী পরিচয় দিলেই এ বাসের হেলপাররা অপমানজনক কথা বলেন। তাদের অধিকাংশ কর্মীর আচরণ অত্যন্ত খারাপ। একদিন হাফ ভাড়া দিতে চাইলে তাকে বাসে উঠতে দেওয়া হয়নি। পুরো ভাড়া না দিলে বাসে উঠতে দেওয়া হবে না বলে জানিয়ে বাসটি চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পর গত পাঁচ বছর ধরে ঠিকানা পরিবহনে যাতায়াত করতে হচ্ছে তাকে। এ সময়ে একাধিকবার সমস্যার সম্মুখীন হয়েছেন। ভাড়া নিয়ে দুর্ব্যবহার ও অকথ্য ভাষায় কথা বলার অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, বিকেলের পর নারী যাত্রীদের বাসে উঠতে দিতে চান না কর্মীরা। বাসের হেলপার গেট আটকে দাঁড়িয়ে থাকেন।
এদিকে, ওই শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে আটক করা ঠিকানা পরিবহনের বাসগুলো মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষকে ডেকে আপাতত সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন।
তিনি বলেন, উভয় পক্ষকে ডেকে মুচলেকা নিয়ে আপাতত সমাধান করছি। তারা কোনো শিক্ষার্থীর সঙ্গে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, কোনো শিক্ষার্থীর সঙ্গেই এমন রূঢ় আচরণ করতে পারবে না। ভবিষ্যতে এমন আচরণ করবে না।
প্রক্টর বলেন, পরিবহনটির একাধিক মালিক থাকায় পরবর্তী সময়ে তাদের সঙ্গে বৈঠক করা হবে। বাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও আলোচনা করে শিক্ষার্থীদের অধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করা হবে। এসব নীতিমালা বাসের মধ্যে লিখিতভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























