পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি সৃষ্টি করে আওয়ামী লীগের দেশে ফেরার স্বপ্ন কখনো বাস্তব হবে না।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জনগণ ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন যারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে ফেরার স্বপ্ন দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী সিস্টেম প্রকল্পের আওতায় নদী খনন কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পলাতক ফ্যাসিস্ট শাসক ও নেত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। ইতিহাস বলে, পালিয়ে যাওয়া স্বৈরশাসকেরা সাধারণত আর ক্ষমতায় ফিরতে পারেন না। বাংলাদেশের মানুষও তাদের প্রত্যাখ্যান করেছে। বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করলেও তাদের ফিরে আসার কোনো বাস্তবতা নেই। তারা যতই দিনক্ষণ ঘোষণা করুক না কেন, সেসবের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
করতোয়া নদী সিস্টেম প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া জেলার আটটি উপজেলা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া, ইছামতী ও গজারিয়া নদীকে কেন্দ্র করে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৪ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আগামী ৫ ডিসেম্বর তিনি গাইবান্ধায় এসে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের ৫ লাখের বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি ১ লাখ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। দীর্ঘদিন ধরে পলি জমে নদীগুলোর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে। খননের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি পানি সংরক্ষণের সুযোগ তৈরি হবে। এতে ধানসহ বিভিন্ন রবি শস্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হবে এবং কৃষিনির্ভর মানুষের আয় বাড়বে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকল্পের আওতায় ৫ হাজারের বেশি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় খনন করা নদী ও খাল পুনরায় ভরাট হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার যেখানেই খাল বা নদী খনন করছে, সেখানকার খননকৃত মাটি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হলে খননের মাটি দেওয়া যাবে। এ ছাড়া কোনো ব্যক্তি প্রয়োজন অনুযায়ী মাটি কিনতে পারবেন। ফলে খনন করা মাটি আবার নদী বা খালে পড়ে ভরাট হওয়ার সুযোগ থাকবে না।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরের অংশ হিসেবে গোবিন্দগঞ্জে করতোয়া নদী খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। এ ছাড়া সফরকালে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন এবং দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি পর্যবেক্ষণের অংশ হিসেবেই প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























