কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উপকরণ ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ ও নির্মাণকাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, খুলনা ও চাঁদপুরে একযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চুয়াডাঙ্গা টিটিসিতে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কমিশনের সংশ্লিষ্ট সমন্বিত জেলা কার্যালয়গুলো থেকে এসব অভিযান পরিচালনা করে দুদক।
দুদক জানায়, দুদকের ঝিনাইদহের সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায়। প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ উপকরণ, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল কেনায় বাজারমূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দাম দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ ছিল।
এছাড়া, একই দিনে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে একই ধরনের পণ্য কেনার হিসাব দেখানো, মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন এবং জ্বালানি ব্যবহারে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযানকালে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।
অন্যদিকে, খুলনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের আওতায় প্রশিক্ষণার্থীদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়ম, পরীক্ষায় উত্তীর্ণ করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবি এবং প্রশিক্ষণ ভাতা বিতরণে হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের খুলনা টিম।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং টেন্ডার শিডিউল অনুযায়ী কাজ না করার অভিযোগে উলিপুর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের একটি দল। অভিযানকালে এলজিইডির বাস্তবায়নাধীন উলিপুর বজরা রোড কালিরঘাট থেকে সাতদরগা হাট উন্নয়ন সড়কের চলমান নির্মাণকাজ পরিমাপ করা হয়।
আর চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির কয়েক গুণ বেশি অর্থ দাবি এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুর।
অভিযানকালে দুদক জানতে পারে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিকে ইতোমধ্যে অন্যত্র বদলি করা হয়েছে। এ ঘটনায় এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে বলে জানায় দুদক।
বাংলা৭১নিউজ/আরএইচ
























