ভারতে মোবাইল রিচার্জের দাম আরও বাড়ানো উচিত বলে মনে করেন ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিত্তল। তার মতে, দেশটিতে মোবাইল সেবার জন্য একজন গ্রাহকের মাসে গড়ে ৩৫০ রুপি খরচ করা উচিত।
এ যুক্তি তুলে ধরতে গিয়ে তিনি পেপসি ও চিপসের মতো নিত্যদিনের পণ্যের দামের সঙ্গে মোবাইল রিচার্জের তুলনা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতী এন্টারপ্রাইজেসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রতিষ্ঠাতা ভারতী মিত্তল। তার মতে, মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ব্যাংকিং, শিক্ষা, বিনোদন, স্বাস্থ্যসেবা ও সরকারি বিভিন্ন সেবা পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ এসব সেবার জন্য গ্রাহকেরা তুলনামূলক কম অর্থ ব্যয় করছেন।
সাক্ষাৎকারে মিত্তল বলেন, সাবান বা এক প্যাকেট চিপস কিনতে এখন যে অর্থ খরচ হয়, তা মানুষ জানেন। এক বোতল পেপসির দামও অনেক বেশি। অথচ মোবাইল সেবার জন্য গ্রাহকেরা তার তুলনায় অনেক কম খরচ করেন।
তার প্রস্তাব অনুযায়ী, মাসে ৩৫০ রুপি খরচ করলে দিনে প্রায় ১০ থেকে ১২ রুপি ব্যয় হবে।
প্রতিষ্ঠাতা ভারতী মিত্তলের মতে, মোবাইল সেবার মাধ্যমে গ্রাহকেরা যে পরিমাণ সুবিধা পান, তার তুলনায় এই খরচ যুক্তিসংগত।
কেন রিচার্জের দাম বাড়ানোর পক্ষে তিনি
প্রতিষ্ঠাতা মিত্তল এর আগে মোবাইল সেবার জন্য মাসে গড়ে ৩০০ রুপি খরচের পক্ষে মত দিয়েছিলেন। তবে তার দাবি, প্রায় ১০ বছর আগের সেই হিসাবের সঙ্গে বর্তমান মূল্যস্ফীতি ও টেলিকম নেটওয়ার্ক পরিচালনার ব্যয়ের সামঞ্জস্য নেই।
জ্বালানি, বিদ্যুৎ, কর্মীদের বেতন ও প্রশাসনিক ব্যয় বেড়েছে। পাশাপাশি ভারতের টেলিকম অবকাঠামো আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।
প্রতিষ্ঠাতা মিত্তল জানান, চীনে মোবাইল টাওয়ারের সংখ্যা ১০ লাখের বেশি হলেও ভারতে রয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার। তার মতে, ভারতে বিদ্যমান টাওয়ারের সংখ্যা অন্তত দ্বিগুণ করা প্রয়োজন।
এ ছাড়া ফাইবার সংযোগ ও সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক সম্প্রসারণেও বড় অঙ্কের বিনিয়োগ দরকার। টেলিকম প্রতিষ্ঠানগুলো ফাইভজি নেটওয়ার্ক চালু করতে বিপুল অর্থ ব্যয় করলেও সেই বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় এখনো আসেনি বলে মনে করেন তিনি।
প্রতিষ্ঠাতা মিত্তলের হিসাব অনুযায়ী, স্পেকট্রাম কেনার পেছনে টেলিকম অপারেটরদের লাখ কোটি রুপি ব্যয় হয়েছে। নেটওয়ার্ক স্থাপনেও অতিরিক্ত প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে হয়েছে।
কবে বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম
মাসিক গড় খরচ ৩৫০ রুপিতে পৌঁছানোর কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি মিত্তল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কবে এমনটা সম্ভব হবে, তা তিনি জানেন না।
ভারতে সর্বশেষ বড় পরিসরে মোবাইল সেবার দাম বাড়ানো হয়েছিল ২০২৪ সালের জুনে। সে সময় বিভিন্ন অপারেটর ট্যারিফ ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ায়। ২০১৯ সালের পর থেকে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে মাত্র তিনবার।
এয়ারটেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির গ্রাহকপ্রতি গড় আয় বা এআরপিইউ (ARPU) দাঁড়িয়েছে ২৭১ রুপি। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৫৬ রুপি। ৩৫০ রুপিতে পৌঁছাতে হলে বর্তমান গড় আয়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ বাড়াতে হবে।
এদিকে এয়ারটেল সম্প্রতি কিছু কম দামের প্যাকেজ বন্ধ করেছিল। তবে নতুন করে সার্বিক মূল্যবৃদ্ধির ঘোষণা না দিয়েই চলতি মাসে ২৯৯ রুপির প্রিপেইড প্যাকেজ ফিরিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকসংখ্যা বৃদ্ধির গতি কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা মিত্তল আরও মনে করেন, ভারতের টেলিকম খাতে অন্তত তিনটি আর্থিকভাবে শক্তিশালী বেসরকারি অপারেটর থাকা প্রয়োজন। ভোডাফোন আইডিয়া ও রাষ্ট্রায়ত্ত বিএসএনএলকে তিনি চ্যালেঞ্জের মুখে থাকা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, অতীতে এক ডজনের বেশি অপারেটরের মধ্যে প্রতিযোগিতা বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।
তবে মাসিক ৩৫০ রুপির প্রস্তাবটি প্রতিষ্ঠাতার ব্যক্তিগত মত। ভারতে মোবাইল রিচার্জের দাম কবে বা কতটা বাড়বে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাংলা৭১নিউজ/আরএইচ




























