কিশোরগঞ্জের মিঠামইনের বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মৃত সুলতানের ছেলে মো. হেলাল (২৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে মো. মহিন উদ্দিন (৩২) ও একই উপজেলার নাগমুদ বাজার মধ্যপাড়া এলাকার রহমত উল্লাহ ওরফে খোকনের ছেলে মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। এসময় হত্যায় ব্যবহৃত একটি চাপাতি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, উদ্ঘাটনে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’
বাংলা৭১নিউজ/এসএএইচ


























