সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারে রাস লাফান গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৮ ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

সমঝোতা ব্যর্থ হলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালি বন্ধের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকার হুঁশিয়ারিও দিয়েছেন।

রোববার (২১ জুন) ফক্স নিউজকে দেওয়া প্রায় ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যদি সমঝোতার পথে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এমনকি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ গ্রহণ এবং ওই পথে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে।

ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেব। তারা যদি সমঝোতা না করে, তাহলে সেখানে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করব।

এর আগে শনিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলকে দায়ী করে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত ইরানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তিনি দাবি করেন, এ বিষয়ে ইরানি কর্মকর্তাদের সরাসরি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে হরমুজ প্রণালির নিরাপত্তা ও তদারকির দায়িত্ব নিতে পারে। একই সঙ্গে ওই নৌপথ দিয়ে পরিবাহিত তেলের একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বাস্তব অর্থ ও সম্ভাব্য নীতিগত অবস্থান সম্পর্কে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকেও নতুন করে সতর্ক করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে অবিলম্বে লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘদিনের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা রোববার সুইজারল্যান্ডে শুরু হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার বৈঠকটি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনার মধ্যেই ট্রাম্পের এ ধরনের কঠোর অবস্থান নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com