মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশেষ অবদান রাখায় পাঁচ মাকে ‘গোল্ডেন মাদার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সদর উপজেলার মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঁচ শিক্ষার্থীর মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, সামষ্টিক মূল্যায়নে ভালো ফলাফল, শিখন অগ্রগতি ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাশহুদ করিম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা বেগম।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও শিশুদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া, নিয়মিত অনুশীলনে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখার স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষক সাজ্জাদ হোসেনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মাননা পেয়ে মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























