কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকেও বন্ধ রয়েছে এসব রুটের বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বাগেরহাট থেকে খুলনাসহ জেলার অভ্যন্তরীণ ও অন্যান্য স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিন দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বাসের খোঁজে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরছেন। অধিকাংশ কাউন্টার বন্ধ থাকলেও কয়েকটি খোলা রয়েছে। তবে সেখানেও বাস চলাচলসংক্রান্ত কার্যক্রম প্রায় বন্ধ। সকাল থেকে বাসের অপেক্ষায় থাকা অনেক যাত্রীকে শেষ পর্যন্ত বিকল্প যানবাহনের খোঁজ করতে দেখা যায়। কেউ কেউ বাস না পেয়ে ফিরে যাচ্ছেন।
সরকারি পিসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজু আকুঞ্জি বলেন, তৃতীয় বর্ষের একটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ছিল। গতকাল ঢাকা থেকে পরীক্ষা দিতে এসেছি। আজ পরীক্ষা দিয়ে আবার ঢাকায় ফেরার কথা। কিন্তু বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। অনেক খোঁজাখুঁজির পর একটি বাস পেয়েছি। সেটি বিকল্প পথে যাবে। সাড়ে তিন ঘণ্টার পথ যেতে এখন ৮ থেকে ৯ ঘণ্টা লাগবে।
দোলা পরিবহনের টিকিট বিক্রেতা মো. আলাল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকাগামী যাত্রীর সংখ্যাও কম। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরু হবে।
দিগন্ত পরিবহনের টিকিট বিক্রেতা লিটন খান বলেন, লকডাউনের এই দুই দিন দিনের বেলায় কোনো দূরপাল্লার বাস চলবে না। রাতে বিকল্প পথে বাস চলাচলের পরিকল্পনা রয়েছে। বাগেরহাট, খুলনা, যশোর, মাগুরা ও আরপাড়া হয়ে ঢাকায় যেতে হবে। এতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগবে।
বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান মিনা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়কে সংঘাত এবং যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে খুলনা মোটরশ্রমিক ইউনিয়ন গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে ঢাকাগামী বাস চালানোর পরিকল্পনা করেছিল। তবে রোববার সকালে নিরাপত্তা শঙ্কা ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এসব রুটে যাত্রী চলাচলেও কোনো সমস্যা হচ্ছে না।
বাংলা৭১নিউজ/আরএইচ

























