অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবীণদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি প্রবীণদের যথাযথ সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডা. শফিকুর রহমানের সফরসঙ্গীরাও অংশ নেন।
মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার প্রবীণদের সেবাব্যবস্থা, তাদের সার্বিক কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
সভায় ডা. শফিকুর রহমান গ্যালিপলি হোম এজড কেয়ারের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে মানবিক সেবা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. আবদুর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং গ্যালিপলি হোম এজড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
বাংলা৭১নিউজ/জেএস






















