বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন শিক্ষক রয়েছেন। প্রতিকূল পরিবেশ আর দ্বীপের খাবারের সঙ্গে অভ্যস্ত না হওয়ায় এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন সাতজন শিক্ষার্থী। তাদেরকে কোস্টগার্ড ও মেডিকেল অফিসার সার্বক্ষণিক দেখাশোনা করছেন।
আটকা পড়া দলটি এখন সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচের বিন্দু ইকো রিসোর্টে অবস্থান করছেন। জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় দ্বীপ ছাড়তে না পারায় দুশ্চিন্তায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ২৯ শিক্ষার্থী গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপটিতে আটকা পড়েন তারা।
বিশ্ববিদ্যলয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান (শিক্ষার্থীদের সঙ্গে থাকা) মো. অলি উল্লাহ চৌধুরী বলেন, তারা সেন্টমার্টিনে গিয়েছিলেন একদিনের জন্য। কিন্তু আজ পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। এখানকার খাবার ও পরিবেশের সঙ্গে অভ্যস্ত না হওয়ায় এ পর্যন্ত সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন সিফাত নামের আরেক শিক্ষার্থী।
তাদের মূল উদ্বেগ অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে সাগরে তিন নম্বর সতর্কসংকেত ওঠায় আগামীকাল থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে। ফলে তারাও ফেরার আশা করছেন। এ ছাড়া বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন।’
বাংলা৭১নিউজ/জেএস





















