রাজধানীর ধানমন্ডির কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ সাবা (৩০) মারা গেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।
এ ঘটনায় দগ্ধ সাবার দেড় বছর বয়সী সন্তান আরএস রহমানসহ আরও চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকদের ভাষ্য, তার অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে সাবার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অন্যরা হলেন আবদুর রহমান (২৯), তার শরীরের ৬ শতাংশ পুড়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, সানজিদা (২০), তার শরীরের ৩৭ শতাংশ পুড়েছে এবং শ্বাসনালিতে ইনহেলেশন ইনজুরি রয়েছে এবং সামসুন নাহার (৫০), তার শরীরের ৪০ শতাংশ পুড়েছে এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, সাবা ছাড়া চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে শিশু রহমানসহ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ

























