উয়েফা নেশন্স লিগের অন্যতম দুই ফেভারিট বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। তবে যেকোনো একটি দলেরই দৌড় থামছে কোয়ার্টার ফাইনালে। আজ (শুক্রবার) কোয়ার্টারের ড্র-তে স্পেন-ফ্রান্সের মুখোমুখি লড়াই পড়েছে। এ ছাড়া পর্তুগাল-নেদারল্যান্ডস, ইংল্যান্ড-নরওয়ে এবং জার্মানি-বেলজিয়াম পরস্পরের মোকাবিলা করবে।
গত জুলাইতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। এরপর লামিনে ইয়ামালরা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বশিরোপাও জিতে। এ ছাড়া গত বছর নেশন্স লিগের সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই ইউরোপীয় জায়ান্টের। সেই ম্যাচেও স্প্যানিশরা জিতেছিল ৫-৪ ব্যবধানে।
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে দলগুলো আগামী বছর মার্চের শেষদিকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে দুই লেগে লড়বে। প্রথম লেগটি হবে স্পেনের মাঠে। এর আগে স্পেন গ্রুপ এ৩-এর দ্বিতীয় এবং ফ্রান্স গ্রুপ এ১-এর শীর্ষে থেকে উঠেছিল কোয়ার্টারে। ২০২৩ সালে সর্বশেষ উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতেছিল স্পেন এবং তাদের হারিয়ে ২০২১ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।
এদিকে, স্পেনের মাঠে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ার পর গোল পার্থক্যের সুবাদে ইংল্যান্ড গ্রুপ এ৩-এর শীর্ষে উঠে এসেছে। এর পুরস্কার হিসেবে তারা শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ের। দুই লেগের এই লড়াইয়ের প্রথম লেগটি অনুষ্ঠিত হবে নরওয়েতে। সর্বশেষ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে হারিয়েছিল, তবে সেমিফাইনালে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে।
অন্যান্য কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে নেশন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল মুখোমুখি হবে নেদারল্যান্ডসের, আর বেলজিয়াম লড়বে জার্মানির বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা চূড়ান্ত পর্বে উন্নীত হবে। ওই পর্বটি জুন মাসে অনুষ্ঠিত হবে, তবে এর ভেন্যু এখনও নির্ধারিত হয়নি।
স্পেন বা ফ্রান্স একক লেগের সেমিফাইনালে নেদারল্যান্ডস বা পর্তুগালের মুখোমুখি হবে। আর নরওয়েকে টপকে যেতে পারলে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে বেলজিয়াম বা জার্মানি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























